সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক নারীর দায়েরকৃত মামলায় বরিশাল কোতোয়ালি মডেল থানার বহিষ্কৃত এসআই মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বলাবাহুল্য : মাসখানেক আগে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত আরেক মামলায় বরিশাল নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাশারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
বরিশালের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা বলেন, এসআই মেহেদি হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়,এক নারীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেহেদিকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের ভাষ্য, আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত এসআই মেহেদির বিরুদ্ধে মামলা দায়ের করা হয। ওই নারীর অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা ফাঁদ পাতেন। মেহেদিকে একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই টাকা উত্তোলন করতে গেলে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
নগরীর স্ব-রোড বাকলার মোড় সংলগ্ন মন্টু ঘোষের বাসার তিন তলায় ভাড়ায় থাকেন মেহেদি।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর বাংলাবাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশি চালান। ওই মাইক্রোবাসে ১১ জন যাত্রী ছিলেন। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চার ক্যান বিয়ার পায়। মাইক্রোবাসে থাকা যাত্রীদের মামলা ও গ্রেফতারের ভয় ভীতি দেখিয়ে তারা এক লাখ টাকা ঘুষ দাবি করেন।
দীর্ঘ সময় দর কষাকষির পর ২০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দিতে রাজি হন ডিবি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিরা। পরে মাইক্রোবাসে থাকা যাত্রীরা তাদেরকে বিকাশের মাধ্যমে ওই টাকা দেন। ঘটনার একদিন পর মাইক্রোবাসের এক যাত্রী বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় স্থাপিত সিসিটিভির ফুটেজ দেখে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিলকে শনাক্ত করা হয়। গত ২৮ সেপ্টেম্বর এক আদেশে ওই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সাময়িক বরখাস্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply